কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনা জনিত হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ সদস্য এ্যাড.নূরুল ইসলাম সুজন, এমপি।
সোমবার ( ২৩ অক্টোবর ) সন্ধ্যায় দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে পাঠানো বার্তায় শোক জানান তিনি।
শোকবার্তায় রেলমন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরববাজার স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্দুর গোধুলী ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারোসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেন আঘাত করে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত যাত্রীদের উদ্ধারে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ যাত্রীর নিহতের তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসা দেওয়া হচ্ছে ৭৫ যাত্রীকে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।





