গত কয়েক দিনের তুলনায় বুধবার থেকে টাঙ্গাইলের সার্বিক পরিস্থিতি আরও স্বাভাবিক হচ্ছে। শহরের বিভিন্ন সড়ক, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে।;
কারফিউ জারির পর থেকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। আর এরপর থেকেই জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।;
এছাড়াও টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুরের নেতৃত্বে টাঙ্গাইলে নাশকতাকারীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় ১৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।;
সরেজমিন ঘুরে দেখা যায়, কয়েক দিনের ব্যবধানে টাঙ্গাইলের শহরের অভ্যন্তরীণ সড়ক ও মহাসড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ। এছাড়াও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।;
এদিকে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় সাত হাজার ২৭৭টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।;
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, স্বাভাবিক সময়ে ১২ ঘণ্টায় ৯ থেকে ১০ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৭৩২টি বাস, ট্রাক ৩ হাজার ৬৪, হালকা যানবাহন ২ হাজার ৫৯১টি এবং ৮৯০টি মোটরসাইকেল পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।





