Friday, 2 October 2026
শিরোনাম
জাতীয়

ফেসবুকে কুমারখালী প্রেসক্লাবের সভাপতিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

• • পঠিত 97 বার
শেয়ার করুন:
ফেসবুকে কুমারখালী প্রেসক্লাবের সভাপতিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর ও মাইটিভির প্রতিনিধি সাংবাদিক লিপু খন্দকারের ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

অভিযোগ রয়েছে, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে ফেক আইডি খুলে সাংবাদিক লিপু খন্দকারের ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

সাংবাদিক লিপু খন্দকার বলেন, ফেসবুকে ফেক আইডি খুলে আমার নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমার মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। কারা এসব করছে, তা খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে কোনো তথ্য বা বক্তব্য প্রচার করার আগে সেটি সত্য কি না, তা যাচাই করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সাংবাদিক হিসেবে আমি দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছি। কোনো বিষয়ে কারও অভিযোগ বা আপত্তি থাকলে তা সরাসরি জানানো যেতে পারে। কিন্তু ফেক আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে একজন সাংবাদিকের সামাজিক ও পেশাগত ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, সাংবাদিক লিপু খন্দকারের ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা যেতে পারে। কিন্তু ফেক আইডি খুলে অপপ্রচার চালিয়ে কারও সম্মানহানি করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সাংবাদিকদের পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কেউ যদি পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

স্থানীয় সাংবাদিক সমাজের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে কারও নাম, ছবি বা পরিচয় ব্যবহার করে তথ্য প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সাংবাদিকদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মতপ্রকাশ ও সমালোচনার অধিকার সবার থাকলেও কারও ছবি ও পরিচয় ব্যবহার করে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সামাজিক বা পেশাগতভাবে হেয় করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।