রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ওপর থেকে মাথায় জখম অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৪৫ বছর। এখন তাঁর নামপরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাত সোয়া ২টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন শ্যামপুর থানার সহ উপপরিদর্শক (এএসআই) বিকাশ। তিনি বলেন, গতকাল রাতে শ্যামপুর ব্রিজের ওপর টহল ডিউটি করার সময় অজ্ঞাত ওই ব্যক্তিকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।
এএসআই আরও জানান, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার চলমান রয়েছে।





