Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর জাতীয়

পঞ্চগড়ে চালু হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

admin • 31 Aug 2023, 01:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে চালু হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

দেশের দ্বিতীয় বৃহত্তম চা অঞ্চল পঞ্চগড় । এখানে চা চাষে সবুজ বিপ্লব করেছেন এখানকার ক্ষুদে চা চাষিরা । চা নিলাম কেন্দ্র না থাকায় বিপাকে পড়তেন চা কারখানা মালিকরা। যার অবসান হচ্ছে। আগামী শনিবার (২ সেপ্টেম্বর) পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করবেন। এর আগে এটি উদ্বোধন বিষয়ে আশ্বাস দেন রেলমন্ত্রী এ্যাড. মো. নুরুল ইসলাম সুজন - এমপি।

দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। সভায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় চা বোর্ডের যুগ্ম সচিব নূরুল্লাহ নূরী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সম্পাদক জামিল চৌধুরী, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেনসহ চা চাষি, বাগান মালিক, কারখানা মালিক, নিলাম কেন্দ্রর ক্রেতা এবং নিলাম ডাকে স্থানীয় অংশগ্রহনকারী, ব্রোকার হাউসের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

 

বক্তারা নিলাম কেন্দ্রের বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। বর্তমানে পঞ্চগড় জেলা দেশের চা উৎপাদনে দ্বিতীয়। এখানে নিলাম কেন্দ্র হলে উত্তরাঞ্চলের চা চাষিসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় প্রধান অতিথি চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনালের আশরাফুল ইসলাম উৎপাদিত চায়ের মান বাড়ানোর পাশাপাশি চোরাই পথে চা পাতা বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতসহ সরকারের বিভিন্ন দপ্তরকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চগড়ে চা চাষ শুরু হয়। যা পরে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলায় সম্প্রসারিত হয়েছে। গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদিত হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানটিকে বর্ণিল ও বর্ণাঢ্য করার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনলাইনে নিলাম পরিচালনা করা হবে। এজন্য ব্রোকার ও ওয়্যার হাউজ নির্মাণ করা হয়েছে।

 

সভার সভাপতি জেলা প্রশাসক জেলায় চা চাষের পথিকৃৎ জেমকন গ্রুপের চেয়ারম্যান মরহুম কাজী শাহেদ আহমেদ ও চা আবাদে অবদানের স্বীকৃতি হিসেবে গণমাধ্যমকর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

 

বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন জানান, পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধনের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ চা বোর্ড পাঁচটি ব্রোকার হাউস ও দুটি ওয়্যারহাউসকে লাইসেন্স দিয়েছে। অনলাইন অকশন সিস্টেম ডেভেলপ করা হয়েছে। বাংলাদেশ চা বোর্ড, জেলা প্রশাসন ও স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অনলাইনে এই নিলাম মার্কেটের জন্য একাধিক প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করেছে।

পঞ্চগড়ের চা উন্নতমানের হওয়া সত্বেও কোনো একটি মহলের অসাধুতার কারণে চায়ের গুনগত মান কিছুটা খারাপ ও চায়ের ন্যায্য মূল্য হতে বঞ্চিত হচ্ছে ক্ষুদে চাষিরা। নিলাম কেন্দ্র হলে সে থেকে পরিত্রাণ পেতে চায় পঞ্চগড়ের ক্ষুদে চা চাষিরা, তারা ন্যায্য মূল্য পেলে পঞ্চগড়ের চা শিল্প আরো টেকসই হব ।।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।