কোটা আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে নতুন কর্মসূচি দিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ ছেড়েছেন শিক্ষার্থী-জনতা।
শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জানান, রবিবারের (৪ আগস্ট) মধ্যে আটকদের মুক্তি দিতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে। এসময় রবিবার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন তারা।
এর আগে, দুপুরের দিকে প্রেসক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে দ্রোহযাত্রা শুরু করেন শিক্ষক-জনতা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে দ্রোহযাত্রাটি বিকেল ৪টার দিকে শহীদ মিনারে এসে পৌঁছায়। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নানান ধরনের স্লোগান দেন। আন্দোলনকারীরা গানের মাধ্যমেও বিক্ষোভ প্রদর্শন করেন।





