Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ ঘোষণা

admin • 10 Aug 2023, 07:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ ঘোষণা

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের শান্তি শৃঙ্খলা পরিপিন্থি এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে বুধবার প্রজ্ঞাপন জারি করে। এরফলে বাংলাদেশে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলো।

এ নিয়ে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামি সংগঠন হিসাবে নয়টি সংগঠনকে নিষিদ্ধ করা হল। অন্য আটটি সংগঠন হল- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ-জেএমজেবি, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ-হুজি, শাহাদাৎ-ই আল-হিকমা, হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম এবং আল্লাহর দল।

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নাম প্রথম শোনা যায় ২০২২ সালে। ওই বছরের অক্টোবরে ঢাকা ও কুমিল্লার ৭ শিক্ষার্থী নিখোঁজ হলে তাদের উদ্ধারে গিয়ে এই ধর্মীয় উগ্রবাদী সংগঠনটির অস্তিত্ব সামনে আসে। সে সময় র‍্যাব জানায়, নিখোঁজ তরুণরা সশস্ত্র সংগ্রামের জন্য ঘর ছেড়েছিলেন।

র‌্যাবের তথ্য বলছে, হরকাতুল জিহাদ, জেএমবি এবং আনসার আল ইসলামের কয়েকজন সদস্য ২০১৭ সালে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার কার্যক্রম শুরু করে। তাদের পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের সাথে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ নামে একটি পাহাড়ি সশস্ত্র দলের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।