গাজীপুরে বিপন্ন ঘোষিত বন্যপ্রাণী চোরাচালানকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– মনজুরুল হক (৬০), জাকির হোসেন (৫০), মো. লাল মিয়া (৪০), জহুরুল ইসলাম ও মোফাস্সেল (৩৫)।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগর উপপুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহানগর পুলিশ উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।
পুলিশ কর্মকর্তা আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, ‘আজ সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপন্ন বন্যপ্রাণী চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে ৩টি বিপন্ন প্রজাতির হনুমান ও ১৫টি বিপন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধারসহ বন্যপ্রাণী পরিবহন ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।’
জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে বিপন্নপ্রায় এসব প্রাণী অবৈধভাবে আটক করে নিয়মিতভাবে ক্রয়–বিক্রয় ও চোরাচালান করে আসছে চক্রটি। এই ঘটনায় বাসন থানায় নিয়মিত মামলা হয়েছে।’





