আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (১৪ আগস্ট) সেতু ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেতুমন্ত্রী।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশ উদ্বোধন করবেন। এছাড়া ২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলও উদ্বোধন করা হবে।
সেতুমন্ত্রী বলেন, বাণিজ্য মেলার মাঠে ২ সেপ্টেম্বর সুধী সমাবেশ হবে। সেদিন বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একদিন পর জনগণের জন্য খুলে দেয়া হবে।
তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাই-সাইকেল, থ্রি-হুইলার চলবে না। আপাতত মোটরসাইকেলও চলবে না।
বিএনপির আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা সমাবেশ থাকলে মহাসমাবেশ হয়ে যায়, আর বিএনপি মহাসমাবেশ ডাকলে হয়ে যায় সমাবেশ। নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে।
মন্ত্রী বলেন, আমাদের মেসেজ তত্ত্বাবধায়ক সরকার হবে না, সংসদ ভেঙে যাবে না, প্রধানমন্ত্রী পদত্যাগ নয়। এসব পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকার বা কোন ফরমেট এ নির্বাচন হবে সেটি বলছে না। তারা সুষ্ঠু নির্বাচন চায়।
নির্বাচন প্রসঙ্গে কাদের আরও বলেন, বিরোধীদল বিহীন নির্বাচন হবে না। অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিএনপির ভিতরে সবাই যে নির্বাচনে না করার প্রশ্নে ঐক্যবদ্ধ সেটা ঠিক নয়। কাউকে নির্বাচন আনার দায়িত্ব সরকারের নয়। রাজনৈতিক দল হিসেবে এটা তাদের অধিকার।





