Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় শিক্ষা

এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

admin • 11 Aug 2023, 04:14 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে গত সপ্তাহে আন্দোলনে নামে কিছু শিক্ষার্থী। তবে এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে আবারও জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, যথাসময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। কেননা দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে, শুধু নির্ধারিত সময়ের এই পরীক্ষায় অংশ নেয়ার জন্য।

আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর পুরানবাজার কলেজের ডাকাতিয়া নদীপাড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য যারা আন্দোলন করছেন, আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে এই পরীক্ষায় অংশ নিন। কারণ দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে। যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ডেঙ্গু নিয়ে শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি।

ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জজকোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ শ্রাবণ ও আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ বাদল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।