Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় এক্সক্লসিভ

আ.লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ নয়: প্রধানমন্ত্রী

admin • 10 Jan 2023, 07:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আ.লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ নয়: প্রধানমন্ত্রী

ভোটচোরকে ক্ষমতা থেকে হটিয়েছিলো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। আলোচনা সভাটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

তিনি আরও বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই স্বাধীনতা সম্পূর্ন হয়।পররাষ্ট্র নীতিতেও সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করতেন বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু ১০ জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন যে, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি। 

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ পিতার কাছে আমাদের প্রতিজ্ঞা।

জনগণের জন্য কাজ করা অব্যাহত থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভোটচোরকে ক্ষমতা থেকে হটিয়েছিলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ নয়।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে পাকিস্তানে কারাগারে শুধু বন্দী করেই রাখা হয়নি, রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। জেলখানার পাশে কবরও তৈরি করা হয়েছিল।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিদেশি ব্যক্তি ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী দেশে দেশে ধরনা দিয়েছিলেন। বিভিন্ন দেশের চাপেই ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে মুক্তি দিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু যে কথাগুলো বলেছিলেন তিনি একে একে সব করেছিলেন। মাত্র ৯ মাসে সংবিধান দিয়েছিলেন। পাকিস্তানের সংবিধান দিতে ১১ বছর লেগেছিল।

আওয়ামী লীগকে উৎখাত সহজ নয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, একটা কথা আমি বলে দিতে চাই। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগকে ধাক্কা দিল, আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়।

তিনি বলেন, অবৈধ ক্ষমতাকে বা কেউ যদি ভোট চুরি করে- তাকে ক্ষমতা থেকে হটানো সেটা আওয়ামী লীগ পারে, এটা আমরা প্রমাণ করেছি। এটা আমরা প্রমাণ করেছি বার বার। আমরা গণতন্ত্রের চর্চা নিজের দলে করি। দেশেও গণতন্ত্র চর্চা করি।

২০০৮ সালের নির্বাচনে স্বল্প আসনে পাওয়া বিএনপির ভরাডুবি এবং আওয়ামী লীগের সরকার গঠনের কথা উল্লেখ করে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, (২০০৮ সালে) ক্ষমতায় আসার পর জনগণের স্বার্থে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে, আর্থসামাজিক উন্নতি করে জনগণের কল্যাণ সাধন করেছি বলেই আজ জনগণ ভোট দেয়। কাজেই আওয়ামী লীগের এ উন্নয়নের অগ্রযাত্রা ইনশাল্লাহ অব্যাহত থাকবে।

কিছু ভাড়াটে লোক সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা করছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা জিয়ার অধীনে দুই দুইটি নির্বাচন। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন আর ২০০৬ সালের জানুয়ারির নির্বাচন। দুটি নির্বাচনই তো বাতিল করতে বাধ্য হয়। কারণ জনগণের ভোট চুরি করার ফলে জনগণই তাদের বিতাড়িত করে। বার বার যারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, বিতাড়িত, তারা গণতন্ত্রটা চর্চা করলো কবে? 

তিনি বলেন, তাদের নিজেদেরই গণতন্ত্র নেই। তাদের দলের কোনো ঠিকানা নেই। তাদের কিছু ভাড়াটে লোক আছে, দেশে-বিদেশে বসে সোশ্যাল মিডিয়াতে সারাদিন আমাদের বিরুদ্ধে কুৎসা রটাবে, আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।