Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি

admin • 08 Aug 2024, 05:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি এখন মন্ত্রিপরিষদ বিভাগে। গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন মূলত সেসব গাড়িই পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও এই মুহূর্তে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ১২টি গাড়ি আনা হয়েছে। পরবর্তীতে এসব গাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ দেয়া হয়েছে বিএমডব্লিউ’র অত্যাধুনিক সিরিজের গাড়ি। এ ছাড়া অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেয়া গাড়িগুলো টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি।

এদিকে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৭ আগস্ট) সেনা সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ জন সদস্য থাকতে পারে বলেও জানান তিনি।

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে ফ্রান্সের প্যারিস থেকে দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দুপুরে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ৩ বাহিনী প্রধান, পুলিশ প্রধান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক আসিফ নজরুল ছাড়াও ড. ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা।

এ ছাড়াও নোবেলজয়ী এ অর্থনীতিবিদকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে তারা ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। এদিন শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে যাওয়া ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।