Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৬ ঘণ্টায়ও উদ্ধার হয়নি লাইনচ্যুত বগি, আটকে আছে ৫ ট্রেন

admin • 05 May 2023, 08:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৬ ঘণ্টায়ও উদ্ধার হয়নি লাইনচ্যুত বগি, আটকে আছে ৫ ট্রেন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ছয় ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় দুই পাশে আটকে আছে একতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সিল্কসিটি ও মৈত্রী এক্সপ্রেসসহ পাঁচটি ট্রেন। লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেনগুলো যাতায়াত করতে পারবে।

 

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, উল্লাপাড়া স্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় এর পূর্ব-পশ্চিম পাশে পাঁচটি ট্রেন আটকে আছে। তারা উল্লাপাড়ার পূর্ব পাশে জামতৈল স্টেশন ও পশ্চিম পাশের লাহিড়ী মোহনপুর স্টেশনসহ বিভিন্ন জায়গায় অবস্থান করছে। লাইনচ্যুত বগি দুটি উদ্ধার হলেই তারা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে।

 

উদ্ধার কার্যক্রম বিলম্ব হওয়ার ব্যাপারে বীরবল মন্ডল বলেন, রিলিজ ট্রেনটি একটু দূরে ছিল, যার কারণে তারা আসতে সময় লাগছে। কাছাকাছি চলে আসছে, আর ১৫ মিনিটের মধ্যে উল্লাপাড়ায় পৌঁছে যাবে। এরপর বগিটি উদ্ধার কার্যক্রম চালাতে ২৫ মিনিট থেকে ৩০ মিনিটের মতো সময় লাগবে।

 

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন ইনচার্জ মাসুদ রানা দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বলেন, এখন স্বাভাবিকভাবেই অন্তত কয়েকটা ট্রেন আটকে থাকার কথা। এর মধ্যে উল্লাপাড়ার পূর্ব পাশে থাকবে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ও পশ্চিম পাশে থাকবে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস। তবে এ বিষয়ে জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার বিস্তারিত বলতে পারবেন।

 

এ ব্যাপারে জানতে চাইলে জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বলেন, আমি বাড়িতে থাকার কারণে কিছু বলতে পারছি না। যারা স্টেশনে আছে তারাও কেউ ফোন ধরছে না।

 

এ বিষয়ে কথা বলার জন্য উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ফেরদৌস হাসানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

 

প্রসঙ্গত, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার (৫ মে) দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।