Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

৫২ হাজার সাউন্ড গ্রেনেড কিনবে পুলিশ

admin • 23 Sep 2023, 09:48 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৫২ হাজার সাউন্ড গ্রেনেড কিনবে পুলিশ

৫২ হাজার সাউন্ড গ্রেনেড, রাসায়নিকযুক্ত মাল্টি ইমপ্যাক্ট টিয়ার শেল ও ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড কিনতে দরপত্র আহ্বান করেছে পুলিশ সদর দপ্তর। একে রুটিন কেনাকাটা বলছে পুলিশ। যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে এসব ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাউন্ড গ্রেনেড, মাল্টি ইমপ্যাক্ট টিয়ার গ্যাস গ্রেনেড এবং ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড কেনার জন্য সম্প্রতি আন্তর্জাতিক দরপত্র প্রকাশ করে বাংলাদেশ পুলিশ।

এক চিঠিতে তিনটি প্যাকেজে এ দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে প্রথম প্যাকেজে কেনা হবে ৩০ হাজার সাউন্ড গ্রেনেড। এর দাম ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা। দ্বিতীয় প্যাকেজে একই মূল্যে কেনা হবে ১৫ হাজার মাল্টি ইমপ্যাক্ট টিয়ার গ্যাস গ্রেনেড। আর তৃতীয় প্যাকেজে ৭ হাজার ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড কেনা হবে, যার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

একে রুটিন কেনাকাটা বলছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনের আগে বিশেষ কিছু নয় জানিয়ে স্বাভাবিক আমদানিই বলছে পুলিশ।

বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, ‘যে কেনাকাটা হচ্ছে এগুলো আমাদের নিয়মিত ক্রয় প্রক্রিয়ার অংশ। এগুলো আগেও কেনা হয়েছে’।

নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা মোকাবিলায় প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ বলেন, ‘এ ধরনের কেনাকাটা পুলিশ প্রয়োজন মতো কিনে থাকে। পুলিশের কাজ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। সামনে নির্বাচন তাই নিরাপত্তার বিষয় একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে’।

ঋণপত্র খোলার ১২০ দিনের মধ্যে এসব প্রতিরক্ষা সরঞ্জাম বাংলাদেশ পুলিশের কাছে সরবরাহ করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।