সংস্কৃতি-বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ এর কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধন করা হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।
সোমবার (১৪ জুলাই) গণভবনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। তবে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরও কিছুদিন পরে।’
সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশীদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘একজন দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করার পর তিনি যেন উপলব্ধি করতে পারেন—কেন হলো জুলাই বিপ্লব, আওয়ামী লীগের দুঃশাসন এবং অভ্যুত্থানের স্মৃতি।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ও তার সহযোগীদের অপরাধের বিচার আদালত করবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো— একজন দর্শনার্থী জাদুঘরে এসে যেন শেখ হাসিনার অপরাধের বিচার নিজের বিবেক দিয়ে করতে পারেন।’
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনার জন্য একটি আইনি কাঠামো দাঁড় করানো হবে বলেও জানান তিনি।





