ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে। এ জন্য ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।
বুধবার (৩ এপ্রিল) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা জারি করা হয়। সেখানে বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। আশপাশের এলাকায় এটি আরও বিস্তৃত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা যদি ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তাকে মৃদু তাপপ্রবাহ বলে। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। তীব্র তাপপ্রবাহ বলা হয় যখন তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর অতি তীব্র হয় ৪২ ডিগ্রি বা এর বেশি হলে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমে বলেন, এখন যে তাপ তাতে সাধারণ ছিটেফোঁটা বৃষ্টিতে গরম কমবে না। এর জন্য ভারী বৃষ্টির দরকার। তার সম্ভাবনা খুব বেশি নেই।





