রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা নিয়ে শুনানি চলাকালে বিএনপির দু’পক্ষে মারামারি হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুনানি চলাকালে মারামারি হয়েছে জানিয়ে পরে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এখানে মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করেছি, আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি। ব্রাহ্মণবাড়িয়া-৩ এর যিনি প্রার্থী তিনি সদলবলে ২০/২৫ জন মিলে গুন্ডা পান্ডার মতন আচার আচরণ করা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আমি মনে করি, এটা কমিশনের যে গাম্ভীর্য, যে সম্মান সেইটার সঙ্গে যায় না।’
তিনি বলেন, ‘অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। যেই বিএনপির নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না?
বিএনপির এই নেতা আরও বলেন, ‘নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, নির্বাচনে কী হবে? প্রথম একজন আমাকে পাঞ্জাবি পড়া একজন ধাক্কা দিয়েছে। আমার লোক তো বসে থাকবে না। যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে– সিম্পল।’





