কুমিল্লার বরুড়ায় চলন্ত মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নাজমুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত তার স্ত্রী ফারজানা আক্তার ফারিহা নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
নিহত হাবিবুর রহমান নাজমুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান নাজমুল ও তার স্ত্রী ফারজানা আক্তার ফারিহা (২৮) কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুর খামার বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির পেছনের চাকায় বোরকা পেঁচিয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনই ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান নাজমুল নিহত হন। এ সময় স্থানীয়রা ফারজানা আক্তার ফারিহাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।





