Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্ত্রীকে তালাক দিয়ে ১১ কেজি দুধে গোসল, ভিডিও ভাইরাল

admin • 29 Apr 2026, 08:26 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
স্ত্রীকে তালাক দিয়ে ১১ কেজি দুধে গোসল, ভিডিও ভাইরাল

স্ত্রীকে তালাক দেওয়ার পর ১১ কেজি দুধ দিয়ে গোসল করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ফরহাদ হোসেন (৪০) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া গ্রামে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রায় এক মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পারিবারিক সালিশে তালাক কার্যক্রম শেষ হওয়ার পর বাড়ির উঠানে দাঁড়িয়ে পাত্রভর্তি দুধ শরীরে ঢেলে গোসল করছেন ফরহাদ। স্থানীয় সূত্রে জানা যায়, মরারপাড়া এলাকার সোবাহান আলীর ছেলে ফরহাদ হোসেনের সঙ্গে প্রায় দুই বছর আগে একই উপজেলার সূর্যনগর এলাকার সুমাইয়া আক্তারের বিয়ে হয়।

 

বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ ও অশান্তি চলছিল। দীর্ঘদিনের এ বিরোধ মীমাংসায় গত রোববার (২৬ এপ্রিল) রাতে স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের আলোচনা শেষে ফরহাদ হোসেন স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন।

 

সালিশে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পরপরই তিনি নিজ বাড়িতে ফিরে ১১ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেন। সেখানে উপস্থিত কয়েকজন জানান, বিচ্ছেদের পর ফরহাদ দাবি করেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি থেকে মুক্তির প্রতীক হিসেবেই তিনি এ কাজ করেছেন। ঘটনার খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী লোকজন ফরহাদের বাড়িতে ভিড় জমান। পরে এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

স্থানীয়দের অনেকে ঘটনাটিকে ব্যতিক্রমী বলে উল্লেখ করলেও, কেউ কেউ এটিকে দুধের অপচয় বলেও মন্তব্য করেছেন। এ বিষয়ে ফরহাদ হোসেনের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।