কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে নিজের মেয়েকে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে।
শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উখিয়ার মনখালী এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত আসামি পিতাকে আটক করেছে পুলিশ।
মনখালী ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় মনখালী এলাকার আমান উল্লাহ ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী চলে যাওয়ার পর নিজের ৪ বছরের মেয়ে কানিজ ফাতেমা জ্যুতিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়।
তিনি আরও জানান, পরে মরদেহ বাড়ির পাশের মনখালী নদীতে ভাসিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে বসে ছিলেন অভিযুক্ত পিতা। বিষয়টি জানাজানি হওয়ার পর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে অভিযুক্ত পিতাকে বাড়ি থেকে আটক করে। মরদেহ বর্তমানে উখিয়া থানায় রয়েছে।





