সৌদি আরবে বাস উল্টে নিহত ২০ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এর আগে, গত সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে একটি বাস উল্টে গিয়ে তাতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন নিহত এবং ২৯ জন আহত হন।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। পরে তাতে আগুন ধরে যায়।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে সোমবার এ দুর্ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।





