ফিলিস্তিনিদের সহযোগিতায় প্রথম ত্রাণবাহী বিমান গাজার উদ্দেশ্যে সৌদি ছেড়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের আল আরিশ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়া দেয় বিমানটি। সেখানেই ত্রাণগুলো খালাস করা হবে। খবর আরব নিউজ
সৌদি আরব সরকার দেশব্যাপী ফিলিস্তিনিদের সহযোগিতায় প্রচারণা চালায়। সেই প্রচারণায় যে অর্থ সংগ্রহ হয়েছে তা দিয়ে গাজাবাসীর জন্য ৩৫ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।
কেএসরিলিফের সুপারভাইজার জেনারেল এবং রয়েল কোর্টের উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল-রাবিহ বলেন, ফিলিস্তিনিদের জন্য সৌদি আরব ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে। কারণ গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, সেখানে অনেক সহযোগিতার প্রয়োজন।
এদিকে সৌদি থেকে পাঠানো ত্রাণ গাজায় পৌঁছানোর জন্য কেএসরিলিফ সদস্যরা মিশরের কায়রোতে কয়েকটি সংস্থা এবং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে।
কেএসরিলিফ সদস্যরা মিশরের রেড ক্রিসেন্টের নির্বাহী পরিচালক ড. রামি আল নাজিরের সঙ্গে আলোচনা করেছেন। কীভাবে রাফাহ সীমান্ত পাড়ি দিয়ে গাজাবাসীদের কাছে এই ত্রাণ সামগ্রী পৌঁছানো যায় সে বিষয়ে কথা হয়।
এছাড়াও কেএসরিলিফ সদস্যরা বৃহস্পতিবার কায়রোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আল মান্দারির সঙ্গে সাক্ষাত করেছেন। সেখানেও গাজায় ত্রাণ কার্যক্রম পৌঁছানোর বিষয়ে আলোচনা করা হয়।
সূত্র:আরব নিউজ





