Thursday, 3 September 2026
শিরোনাম
ফুটবল

সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল

admin • 11 Aug 2022, 04:04 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল
স্প্যানিশ সুপার কাপ, লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগের পর উয়েফা সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। এ শিরোপা জয়ের মধ্য দিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো ক্লাবটি।     গতকাল বুধবার (১০ আগস্ট) ফিনল্যান্ডের হেলসিংকিতে জার্মান ক্লাব আইনত্রাখত ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লস ব্লাঙ্কোরা।   এ ম্যাচে ক্লাবের হয়ে মাত্র একটি গোল করেন করিম বেনজেমা। আর তাতেই গড়ে ফেলেছেন ইতিহাস। এই গোলের মাধ্যমে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলের তালিকায় দুই নম্বরে ওঠে এসেছেন বেনজেমা।     ম্যাচের শুরুটা ভালো ছিলো ফ্রাঙ্কফুর্টের। দাইচি কামাদার সামনে সুযোগ ছিলো দলকে লিড এনে দেবার। তবে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন থিবো কোর্তোয়া।     এরপর ম্যাচের পুরোটা জুড়ে রিয়ালের আধিপত্য। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক শট গোলরক্ষককে ফাঁকি দিলেও গোললাইন থেকে রুখে দেন ফ্রাঙ্কফুর্টের ব্রাজিলিয়ান ডিফেন্ডার তুতা।
৩৭ মিনিটে ভিনিসিয়ুসকে আরো একবার হতাশ করেন কেভিন ট্র্যাপ। তবে সেই আক্রমণ থেকে পাওয়া কর্ণারকে কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে দেন ডেভিড আলাবা।       বিরতির পর আরো আক্রমণাত্মক মাদ্রিদের জায়ান্টরা। ৬৫ মিনিটে ভিনিসিয়ুস-বেনজেমার ম্যাজিক। বা দিক থেকে ভিনিসিয়ুসের পাসকে গোলে রূপ দিতে ভুল করেননি ফরাসি স্ট্রাইকার।   রিয়ালের জার্সিতে বেনজেমার ৩২৪তম গোল। ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রাউল গঞ্জালেসকে পেছনে ফেললেন তিনি। বেনজেমার ওপরে এখন কেবল ৪৫০ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো।      উল্লেখ্য, আগামী রবিবার (১৪ আগস্ট) আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে নামবে রিয়াল মাদ্রিদ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।