Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

সিসিইউ থেকে আবার কেবিনে খালেদা জিয়া

admin • 29 Sep 2023, 10:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সিসিইউ থেকে আবার কেবিনে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শুক্রবার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রায় সাড়ে তিন ঘণ্টা রাখার পর আবার কেবিনে নেওয়া হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত ৯ আগস্ট থেকে ৫১ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।

অধ্যাপক জাহিদ হোসেন আজ সন্ধ্যায় বলেন, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে কেবিন থেকে আজ বিকেল পাঁচটার দিকে সিসিইউতে নেওয়া হয়েছিল।

এরপর তাঁর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে তাঁকে আবার কেবিনে নেওয়া হয়েছে। এর আগেও গত দুই সপ্তাহে খালেদা জিয়াকে শ্বাসকষ্টের কারণে দুই দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল। অন্যদিকে ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন বিএনপির চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার।

আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বৃহস্পতিবার বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে।

খালেদা জিয়া পরিবারের একটি সূত্র আজ জানিয়েছে, তাঁর বিদেশে চিকিৎসা দেওয়ার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন পরিবারের সদস্যরা। তাঁকে বিদেশে নিতে চেয়ে করা আবেদনে ইতিবাচক সাড়া মিলতে পারে—এমনটাই আশা পরিবারের সদস্যদের। খালেদা জিয়ার পরিবারের ওই সূত্র আরও জানিয়েছে, সরকার যদি অনুমতি দেয়, তাহলে দ্রুত যাতে খালেদা জিয়াকে বাইরে নেওয়া যায়, সে জন্যই এ প্রস্তুতি। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর—এই চার দেশের হাসপাতালে খোঁজ নিচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।