Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সাপের কামড়ে ছেলের মৃত্যু, পুত্রবধূর বিয়ে দিয়ে প্রশংসিত শ্বশুর

admin • 25 Nov 2022, 07:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাপের কামড়ে ছেলের মৃত্যু, পুত্রবধূর বিয়ে দিয়ে প্রশংসিত শ্বশুর

সাপের কামড়ে ছেলের মৃত্যুর পর তার ছোটবেলার বন্ধুর সঙ্গে পুত্রবধূর বিয়ে দিয়ে নজির সৃষ্টি করেছেন এক শ্বশুর। শুক্রবার ভারতের পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার চিঁচুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিয়ের জন্য শ্বশুরের প্রশংসা করছেন সবাই।

 

আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়, জামুড়িয়ার চিঁচুড়িয়া এলাকার বাসিন্দা কিশোর চট্টোপাধ্যায়। কয়েক বছর আগে তার একমাত্র ছেলে ইন্দ্রজিতের বিয়ে দেন। ছেলে-পুত্রবধূ-নাতনিকে নিয়ে বেশ দিন কাটছিল তার।

 

কিন্তু আচমকা ছন্দপতন হয়। বিয়ের দুই বছরের মধ্যে সাপের কামড়ে মারা যান ইন্দ্রজিৎ। তারপর থেকে একমাত্র কন্যাসন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন পূজা।

   

কিন্তু পুত্রবধূ ও নাতনির ভবিষ্যতের কথা ভেবে পূজার পুনরায় বিয়ে দেওয়ার কথা ভাবেন কিশোর। শুরু করেন পাত্র দেখা। শেষে পাত্র হিসাবে কিশোর যাকে পেলেন তিনি ছেলেরই ছোটবেলার বন্ধু। তার পরিবারকেও চেনেন কিশোর।

 

ভাবেন, এখানে পুত্রবধূ গেলে ভালোই থাকবেন। সম্বন্ধ নিয়ে তিনি হাজির হন চিঁচুড়িয়ার গ্রামেরই বাসিন্দা প্রভাত ফৌজদারের বাড়িতে। কিশোরের প্রস্তাব মেনে নেন প্রভাতের পরিবারের সবাই।

 

অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে শুক্রবার আসানসোল ঘাগরবুড়ি মন্দিরে প্রভাত-পূজার বিয়ে হল। দুই পরিবারের আত্মীয়-পরিজনেরা এসে নবদম্পতিকে আশীর্বাদ করেন। পাশাপাশি শ্বশুর কিশোর ও পাত্র প্রভাতের ভূয়সী প্রশংসা করেন সবাই। বিয়েতে উপস্থিত স্থানীয় পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাঙ্গুই ও পঞ্চায়েত সদস্য অমিতকুমার চক্রবর্তী কিশোরের উদ্যোগকে স্বাগত জানান।

 

ঐ বৃদ্ধ বলেন, ‘আমার একমাত্র ছেলে ছিল ইন্দ্রজিৎ। সাপের কামড়ে ওর মৃত্যুর পর পুত্রবধূকে কন্যা স্নেহে লালনপালন করেছি। পরে আমি স্থির করলাম ওর বিয়ে দেব। আমি আর কয়েকদিন বাঁচব। বৌমা যাতে ভালো থাকে তার জন্য ওর জন্য পাত্র দেখা শুরু করি।

 

পাত্র প্রভাতের কথায়, ‘আমার কাছে এ প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে বিয়েতে রাজি হই। তিনি বলেন,‘আসলে যাকে বিয়ে করছি, সে আমার বন্ধুরই বৌ। আমি বন্ধুর সন্তানের দায়িত্ব নেব। দু’জনকেই ভালো রাখব।

  সুত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।