পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েকদিন ধরে তাপমাত্রা ৭ থেকে ১০ এর মধ্যে ওঠানামা করলেও রোববার তা নেমেছে ৫ দশমিক ৫ ডিগ্রিতে। যা চলতি শীত মৌসুমের সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রোববার সকাল ছয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।
তাপমাত্রার নিম্নগতির সঙ্গে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় এই জেলা ছাড়াও উত্তরের সব জেলায় বেড়েছে শীতের তীব্রতা। ফলে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলাগুলোর জনজীবন।
তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, জেলায় কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চললেও তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামায় তা মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরেই গভীর রাত থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সকাল পেরিয়ে দুপুরেও ফাঁকা থাকছে রাস্তাঘাট। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।





