Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল শতবর্ষী বৃদ্ধার

admin • 07 Jan 2026, 12:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল শতবর্ষী বৃদ্ধার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুলার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মরিয়ম বেওয়া (১০০) নামে এক শতবর্ষী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পারিবারিক কবরস্থানে নিহত মরিয়ম বেওয়ার দাফন সম্পন্ন করা হয়। এর আগে সোমবার (৫ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 

নিহত মরিয়ম বেওয়া উপজেলার বলারদিয়ার দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন আলী মণ্ডলের স্ত্রী। স্বজনরা জানান, শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে সোমবার সকালে রান্নাঘরের চুলার পাশে বসে আগুন পোহাচ্ছিলেন মরিয়ম বেওয়া। এ সময় অসতর্কতার কারণে চুলা থেকে তার পরিধেয় কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তার শরীরজুড়ে। তার আর্তচিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে আগুন নেভান এবং গুরুতর দগ্ধ অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

 

নিহতের নাতি সেলিম রেজা জানান, তীব্র শীতের কারনেই আগুন পোহাচ্ছিল। বয়সের ভারে দাদি নিজেকে আগুন থেকে রক্ষা করতে সক্ষম হননি।

 

  সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া মুঠোফোনে জানান, মৃত্যুর বিষয়টি আমরা আগে অবগত ছিলাম না দাফন করার পর জেনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।