Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিশু ধর্ষণচেষ্টা মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড

admin • 30 Jun 2025, 07:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শিশু ধর্ষণচেষ্টা মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড

রাজধানীর হাতিরঝিলের আমবাগান এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় মো. শুকুর আলী শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (৩০ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।

 

রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ এসব তথ্য জানান। তিনি জানান, আসামি শুকুর আলী রাজবাড়ী সদরের লন্দানপুর গ্রামের মৃত এখলাছ শেখের ছেলে।

রায়ে সন্তোষ প্রকাশ করে প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণচেষ্টার মামলায় আসামি শুকুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় সর্বোচ্চ সাজা তথা ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এ রায়ে আমরা সন্তুষ্ট।

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানার আমবাগানে মো. আতাহার আলীর রিকশা গ্যারেজের ভেতরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে শুকুর আলী। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেয়। কান্নারত অবস্থায় বাসায় গিয়ে মায়ের কাছে ঘটনা জানায় শিশুটি। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে হাতিরঝিল পুলিশ। মামলার বিচার চলাকালে আদালত ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।