Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগ

admin • 26 Feb 2026, 01:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়-এর এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস ও প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ঐ শিক্ষকের নাম মহাদেব চন্দ্র রায়। তিনি অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে কর্মরত।

 

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেবীগঞ্জ পৌর সদরের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে বিশেষ ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার সকালে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের জন্য ছবি তুলতে বিদ্যালয়ে যায়। স্কুল বন্ধ থাকায় এবং ছবি তুলতে দেরি হওয়ায় তারা চলমান বিশেষ ক্লাসে উপস্থিত হয়। অভিযোগ, অভিযুক্ত শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের কিছু সময় শ্রেণি কক্ষের বাইরে দাঁড় করিয়ে রাখেন এবং পরে ক্লাসে প্রবেশ করতে দেন। এরপর তাদের বলা হয়, বাধ্যতামূলক বিশেষ ক্লাস করতে হবে এবং একই সঙ্গে প্রাইভেট তার কাছে পড়তে হবে। শিক্ষার্থীদের ভয় দেখানো হয় যে, প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিক পরীক্ষায় নম্বর কম দেওয়া হবে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, ক্লাসরুমে প্রবেশ করার পর মহাদেব স্যার দেরিতে আসার কারণ জানতে চান এবং পরদিন থেকে তাড়াতাড়ি আসতে বলেন। পরে তিনি আমাদের বলেন প্রাইভেট তার কাছেই পড়তে হবে। আমরা জানতে চাইলে অন্য কোথাও পড়া যাবে কি না, স্যার বলেন, অন্য কোথাও প্রাইভেট পড়লে অর্ধবার্ষিক পরীক্ষায় কী হবে দেখতে পারবে, মার্ক কেটে দেব।

 

ভুক্তভোগী ওই ছাত্রের মা অভিযোগ করে বলেন, রমজানের ছুটির মধ্যেও বিদ্যালয়ে বিশেষ ক্লাস চলছিল। তার ছেলে রেজিস্ট্রেশনের ছবি তুলতে স্কুলে গিয়েছিল। ছবি তুলতে দেরি হওয়ায় সে ক্লাসরুমে বসতে গেলে মহাদেব নামে এক শিক্ষক প্রথমে কিছু সময় বাইরে দাঁড় করিয়ে রাখেন, পরে ক্লাসে ঢুকতে দেন।

 

তিনি আরও অভিযোগ করেন, তার ছেলে ও সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীদের বিশেষ ক্লাস বাধ্যতামূলক করার কথা বলা হয় এবং ওই শিক্ষকের কাছেই প্রাইভেট পড়তে বলা হয়। উনার কাছে প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিক পরীক্ষায় নাম্বার কম দিবে বলে ভয় দেখানো হয়েছে, দাবি করেন তিনি। একজন শিক্ষক কি এভাবে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার জন্য মানসিক চাপ দিতে পারেন ?

 

অভিযোগের বিষয়টি অস্বীকার করে মহাদেব চন্দ্র রায় বলেন, আমার কাছে প্রাইভেট পড়ার বিষয়ে ওদের কিছুই বলিনি। সেদিন আমি অতিরিক্ত ক্লাস নিচ্ছিলাম, তখন তারা আসে। আমি তাদের বলি, তোমরা একটু দাঁড়াও, পরে ক্লাসে ঢুকো। আমি জানতাম তারা ছবি তুলতে এসেছে। সাধারণত অতিরিক্ত ক্লাসের বিষয়ে শিক্ষার্থীদের আগে থেকেই জানানো হয় এবং অন্য শিক্ষকরা বিষয়টি জানেন। প্রাইভেটের বিষয়ে আমি কিছু বলিনি।

 

শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম রুহুল আমিনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর- এর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোছাঃ রোকসানা বেগম বলেন, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।