রাশিয়ার উত্তর ককেশাস প্রজাতন্ত্র দাগেস্তানে পুলিশ, গির্জা ও ইহুদি উপাসনালয়ে হামলা হয়েছে। বন্দুকধারীরা পেন্টেকস্টের অর্থোডক্স উৎসবের দিন ডারবেন্ট ও মাখাচকালা শহরে গুলি চালিয়েছে। এ হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। খবর বিবিসির।
নিহতদের মধ্যে অন্তত সাত পুলিশ কর্মকর্তা ছাড়াও একজন পাদ্রী ও একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। এছাড়া হামলাকারীদের মধ্যে ছয়জন মারা গেছেন। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
তবে এই হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। যদিও দাগেস্তানে অতীতেও জঙ্গি গোষ্ঠীর হামলা হয়েছে। কিন্তু এবার এখনো এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।
রোববারের (২৩ জুন) এ হামলায় দুটি গির্জা ও দুটি ইহুদি উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা হয়। দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালায় এক অর্থোডক্স গির্জার পাদ্রীকে হত্যা করা হয়েছে।





