রাজধানীর গুলশানের শাহজাদপুর নজর ভ্যালি টাওয়ার বহুতল ভবনের ওপর থেকে পড়ে পান্না খাতুন (১৪) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উদ্ধারকারী ওই ভবনের ১০ তলার ফ্ল্যাটের বাবুর্চি ইব্রাহিম হোসেন বলেন, ‘ওই ফ্ল্যাটের মালিক ব্যবসায়ী আমান উল্লাহ আল সগির ও তার স্ত্রী শাহানাজ সগির।
আমরা ওই বাসায় কয়েকজন কাজ করি ও থাকি। পান্না ছাড়াও আরো এক গৃহকর্মী রয়েছে।’ তিনি আরো বলেন, ‘যতটুকু জানি, পান্না দুপুরে কাপড়চোপড় ধুতে বাথরুমে গিয়েছিল। পরে অনেক সময় পার হয়ে গেলেও তাকে আর পাওয়া যাচ্ছিল না।
অনেক সময় খোঁজাখুঁজির পর ওই ভবনের পঞ্চম তলার বাড়তি শেডের ওপরে তাকে পাওয়া যায়। হয়তো সে ওপর থেকে ওই শেডের ওপর পড়ে গিয়েছিল। পরে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।’
ফ্ল্যাটের মালিক আমান উল্লাহ আল সগিরের বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানার আন্দরকিল্লার দেওয়ানবাজারে। পান্না তার ফ্ল্যাটে এক বছর ধরে কাজ করত।





