রাজধানীর রামপুরার মালিবাগ চৌধুরীপাড়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে মো. মামুন (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মামুন ভোলার দৌলতখান উপজেলার মধ্যম জয়নগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। তিনি মালিবাগের চৌধুরীপাড়ায় ভাড়া থাকতেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই আব্দুল মোতালেব বলেন, ‘আমার ভাই নির্মাণ কাজের ঠিকাদারি করত। আজ সন্ধ্যার দিকে রামপুরা মালিবাগের চৌধুরীপাড়ায় একটি ভবনের নির্মাণকাজের তদারকি করতে গিয়েছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত ওই ভবনের আটতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।





