রাজধানীতে ১ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান লিয়ন ও মনজুর আলম নামে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে দয়াগঞ্জ ও রামকৃষ্ণ মিশন রোডে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীম।
তিনি জানান, রাতে চেকপোস্ট বসিয়ে নাইট ডিউটি চলছিল। চেকপোস্ট কার্যক্রম যথাযথভাবে চলমান রাখা ছিল। বুধবার সকাল ৭টায় গেন্ডারিয়ার দয়াগঞ্জ চৌরাস্তা থেকে ২৭০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান লিয়নকে গ্রেফতার করা হয়। অন্যদিকে একই দিন সকাল ৮টায় ওয়ারীর রামকৃষ্ণ মিশন রোডে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মনজুর আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে ডিএমপির গেন্ডারিয়া ও ওয়ারী থানায় পৃথক মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।





