এক্সক্লসিভ
যে কারণে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
admin
• 22 Jun 2026, 03:35 PM
• পঠিত 3 বার
তীব্র রাজনৈতিক চাপ ও জনপ্রিয়তা হ্রাসের মুখে প্রধানমন্ত্রীর পদ ও ক্ষমতাসীন লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের কিয়ার স্টারমার । খরব বিবিসির। সোমবার (২২ জুন) উল্লাস ও করতালির মধ্যে দিয়ে স্টারমার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বের হয়ে জনসম্মুখে পদত্যাগের এ ঘোষণা দেন।
জনপ্রিয়তার সূচকে ধস এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দীর্ঘদিন ধরেই স্টারমারের ওপর অসন্তোষ প্রকাশ করছিলেন তার দলের আইনপ্রণেতারা। পদত্যাগের ফলে দলীয় প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামের কাছে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম হল। এতে এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য।
রয়টার্স লিখেছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে এক বিশাল জয়ের মাধ্যমে যুক্তরাজ্যের বিশৃঙ্খল রাজনীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টারমার। কিন্তু দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগের কারণে তার সেই প্রতিশ্রুতি অপূর্ণ রয়ে গেল।
প্রধানমন্ত্রী স্টারমারের ওপর গত কয়েক মাস ধরেই পদত্যাগের চাপ বাড়ছিল। গত শুক্রবার সেই চাপ আরও তীব্র হয়, যখন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম একটি পার্লামেন্টারি উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে হাউজ অব কমন্সে ফিরে আসেন।
বার্নহামের এই জয় লেবার পার্টির আইনপ্রণেতাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দলটির অনেকেরই বিশ্বাস, স্টারমারের অধীনে ক্রমাগত সমর্থন হারাতে থাকা লেবার পার্টিকে বাগ্মী হিসেবে পরিচিত বার্নহামই আবার টেনে তুলতে পারেন।
তবে নতুন নেতৃত্ব হিসেবে অ্যান্ডি বার্নহামের আগমন কতটা মসৃণ হবে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। কারণ পররাষ্ট্রনীতি বা দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে তার সুনির্দিষ্ট পরিকল্পনা এখনও প্রকাশ পায়নি। এছাড়া দলের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংও নতুন নেতৃত্ব প্রতিযোগিতায় নামার ইঙ্গিত দিয়ে রেখেছেন। সব মিলিয়ে ব্রিটেনের রাজনীতিতে এখন এক চরম নাটকীয় মুহূর্ত বিরাজ করছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





