রাজধানীর মোহাম্মদপুর থানার নবীনগরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. সাব্বির নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।
আহত সাব্বির নবীনগরের ৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসার মো. দেলোয়ার হোসেনের ছেলে। সে আদাবর আইডিয়াল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
সাব্বিরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু জুয়েল বলেন, 'আমরা চার বন্ধু মিলে নবীনগর ১ নম্বর রোডের পাশে বসে মোবাইলে ‘ফ্রি ফায়ার গেম’ খেলছিলাম। হঠাৎ ৭/৮ জন এসে বলে আমাদের মোবাইলফোনগুলো দিয়ে দিতে বলে। সাব্বির প্রতিবাদ করলে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।
ভয়ে আমরা অন্যান্য বন্ধুরাও মোবাইল দিয়ে দেই। পরে আমরা জানতে পারি ওই দুর্বৃত্তরা কিশোরগ্যাং ‘রক্তচোষা জনি গ্রুপের’ সদস্য। এদের ভয়ে এলাকায় কেউ মুখ খোলে না। যদিও কিছুদিন আগে তাদের দলনেতা জনিকে পুলিশ ধরে নিয়ে গেছে।'
জুয়েল আরও বলেন, 'ওরা চলে যাওয়ার পর সাব্বিরকে আমরা দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। আমরা সাব্বিরের পরিবারকে খবর দিয়েছি।'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'মোহাম্মদপুর থেকে ধারালো অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে আমাদের জরুরি বিভাগে আসে। পরে তাকে ৩০৩ নম্বর ওয়ার্ডে রেফার করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।'





