মুন্সিগঞ্জ সদরে ট্রলি-সিএনজি-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহতের খবর পাওয়া গেছে। এতে কমপক্ষে তিনজন যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন- দাদন সরকার (৩২) ও তার ছেলে হোনাইন সরকার। তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়।
এ ঘটনায় আহত হয়েছেন দাদন সরকারের স্ত্রী কুলসুমসহ (৩০) আরও তিনজন। আহত কুলসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জ অভিমুখে অটোরিকশাটি আসছিল। ১১টার দিকে টরকি এলাকায় পৌঁছলে ওই অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা সবাই আহত হন। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. কামাল প্রধান বলেন, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে মাসহ আরও তিনজন। দুর্ঘটনায় কবলিত অটোরিকশা ও ট্রলি হেফাজতে নেওয়া হয়েছে।





