Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মিজানুর রহমান আজহারীকে জামায়াতের মনোনয়ন দেয়ার খবরটি 'গুজব'

admin • 19 Nov 2025, 08:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মিজানুর রহমান আজহারীকে জামায়াতের মনোনয়ন দেয়ার খবরটি 'গুজব'
জনপ্রিয় ইসলামী বক্তা ও স্কলার ড. মিজানুর রহমান আজহারীকে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে, এমন খবর পুরোপুরি গুজব বলে জানিয়েছে দলটি।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের। তিনি বলেন, ড. মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেয়ার খবরটি ভুয়া। এমনটি হওয়ার কোনও সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত।
দুপুরের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয় ড. মিজানুর রাহমান আজহারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এতে অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন।
ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেয়ার বিষয়ে দলটির নীতিনির্ধারকরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে। তবে এ আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছেন।
এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ড. মিজানুর রাহমান আজহারীর বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকে ধারণা করেছেন যাত্রাবাড়ী-ডেমরা নিয়ে ঢাকা-৫ আসনের জামায়াতের প্রার্থী হতে যাচ্ছেন আজহারী।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।