Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

মাদারীপুরে আন্দোলনকারী-ছাত্রলীগ-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

admin • 18 Jul 2024, 12:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাদারীপুরে আন্দোলনকারী-ছাত্রলীগ-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মাদারীপুরের পুলিশ সুপারের বাসভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ৬ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে রাজধানী ঢাকায় দুইজন ছাড়াও চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হন।

এর প্রতিবাদে বুধবার (১৭ জুলাই) নিহতদের গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল কর্মসূচি দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তেমনভাবে কোথাও কর্মসূচি পালনের সুযোগ পাননি শিক্ষার্থীরা। ফলে ঢাকা ছাড়াও দেশজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকে আহত হয়েছেন।

সবশেষ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি। কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।