যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে একটি প্রশিক্ষণ উড়োজাহাজের সংঘর্ষ দুই জন নিহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান পাঁচ ক্রুসহ ৪৪ আরোহী। এতে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং বিমানটিতে থাকা প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী দুইজনই নিহত হন। আফ্রিকার দেশ কেনিয়ায় দুঘর্টনাটি ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৫ মার্চ) রাজধানী নাইরোবির কাছাকাছি মাঝ আকাশে ওই দুটি উড়োজাহাজের সংঘর্ষ হয়।
দেশটির বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা সাফারি লিংকের একটি বিমান ও নাইনটি নাইনস ফ্লাইং ট্রেইনিং স্কুলের একটি প্রশিক্ষণ উড়োজাহাজের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নাইরোবি পুলিশের সদস্য অ্যাডামসন বুঙ্গেই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
সাফারি লিংকের বিবৃতিতে বলা হয়, তাদের ওই যাত্রীবাহী উড়োজাহাজে ক্রুসহ ৪৪ আরোহী ছিলেন। এটি কেনিয়ার উপকূলবর্তী শহর দিয়ানির উদ্দেশ্যে যাত্রা করেছিল। উড্ডয়নের পর উড়োজাহাজটি দুর্ঘটনার সম্মুখীন হয়। তবে এটি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। দুর্ঘটনার পর উড়োজাহাজটি নাইরোবির উইলসন বিমানবন্দরে ফেরত যায়।





