Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মাঝ আকাশে চলন্ত উড়োজাহাজে বিয়ে!

admin • 28 Nov 2023, 03:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাঝ আকাশে চলন্ত উড়োজাহাজে বিয়ে!

পারিবারিক ঐতিহ্য বজায় রেখে মাঝ আকাশে চলন্ত উড়োজাহাজে বিয়ে সারলেন যুগল। তিন দশক আগে কনের বাবাও আকাশে গাঁটছড়া বেঁধেছিলেন।

   

জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল মাটি থেকে হাজার হাজার ফুট ওপরে। সেই ধারাই বজায় রাখলেন মেয়ের বিয়েতেও। মহা ধুমধামে মাঝ আকাশে ঠিক বাবার মতো করেই চাঁদের হাট বসিয়ে বিয়ে হলো।

 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর–কনের ঠিকানা দুবাই হলেও তাঁরা ভারতীয় বংশোদ্ভূদত। সংযুক্ত আরব আমিরাতের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কনে বিধির বাবা দিলীপ পপলে। ঠিক ৩০ বছর আগে ১৯৯৪ সালে স্বপ্নের মতো বিয়ে হয়েছিল দিলীপের। উড়োজাহাজের মধ্যে বিয়ে করেছিলেন বিধির মা সুনীতাকে।

 

বিয়ের জন্য এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাঁরা ভাড়া করেছিলেন এ৩১০ বিমান। অভিনব সেই বিয়ের নাম দেওয়া হয়েছিল ‘হাওয়াই বন্ধন’। খাবারের দায়িত্বে ছিলেন তারকা শেফ সঞ্জীব কাপুর।

   

এবার বাবার ইচ্ছায় বিধিও বিয়ে করলেন চলন্ত উড়োজাহাজে। দুবাই থেকে বোয়িং ৭৪৭ উড়োজাহাজ বিয়ের জন্য ভাড়া করা হয়েছিল। সুন্দর করে সাজানো হয় ফ্লাইটের ভেতরের অংশ। নিমন্ত্রিত ছিলেন ৩০০ অতিথি।

 

মাঝ আকাশের এই বিয়ে ছিল তাক লাগানোর মতো। কনের পরনে ছিল লাল লেহাঙ্গা। আর বরের পরনে ক্রিম রঙের শেরওয়ানি। জমকালো বারাত নিয়ে পাত্র-পাত্রীসহ দুই পক্ষের সবাই দুবাই প্রাইভেট টার্মিনালে হাজির হন। তাদের নিয়ে দুবাই থেকে ওমানের উদ্দেশে উড়াল দেয় উড়োজাহাজ।

   

বাবার ইচ্ছেতে মাঝ আকাশে বিয়ে করতে পেরে উচ্ছ্বসিত কনে বিধি পপলে। বর হৃদেশ সৈনানি জানান, স্কুলজীবনের প্রেমিকাকে মাঝ আকাশে বিয়ে করতে পেরে তিনিও খুবই আনন্দিত।

   

এদিকে বিধি ও হৃদেশের বিয়ের এমন এলাহী আয়োজনের ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকে মজা করে এই ঘটনাকে বলছেন, ‘লাভ ইজ ইন দ্য এয়ার’।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।