রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম রাকিব হাসান (৩২)। তার বাবার নাম মো. রুহুল আমিন। তিনি রাজধানীর মাতুয়াইলে বাস করতেন মায়ের সঙ্গে। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ারিং করতেন বলে জানা গেছে।
তার এক আত্মীয় জানান, দুপুরে রাকিবুলের শেষ কথা হয় মায়ের সঙ্গে। মাকে তিনি বলেন, ‘মা, আমি কাওরানবাজার আছি। আমি বাসায় আসছি।’ কিন্তু তার আর বাসায় ফেরা হলো না। সড়কে গেল প্রাণ।
সড়ক দুর্ঘটনায় রাকিব ঘটনাস্থালেই মারা যান। যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকে রাখা হয়েছে।





