পশ্চিমবঙ্গের তারকারা যখন তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রাস্তায় ঠিক তখন সেখানকার পুলিশের হাতে গ্রেফতার ছোটপর্দার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়।
মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আহত করেছেন মোটরসাইকেল আরোহীকে। সেকারণেই হাতে হাতকড়া পরানো হয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।
জানা গেছে, গতকাল সোমবার গভীর রাতে বেহালার রাজা রামমোহন রায় রোডে ঘটেছে ঘটনাটি। কাজ সেরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সম্রাট। অভিযোগ, অভিনেতা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দেয়। তারপর এক বাইক আরোহীকে ধাক্কা দিলে আরোহী জখম হন।
এ ঘটনার পর তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় ওই মোটরসাইকেল আরোহীকে। এরপরই ভারতীয় পুলিশ গ্রেফতার করে সম্রাটকে। এদিকে আরো বদনাম রয়েছে সম্রাটের বিরুদ্ধে। স্ত্রী ময়না মুখোপাধ্যায়কে তিনবার গর্ভপাতে বাধ্য করেছিলেন তিনি। একটি রিয়্যালিটি শোয়ে এটি বলার পর উপস্থাক অভিনেতা জিৎ দ্বিমত পোষণ করেছিলেন তার সঙ্গে।





