মরুকরণ রোধ ও সবুজ জীবন-যাপনের জন্য এক হাজার কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে সৌদি আরবের। তারই অংশ হিসেবে মদিনা অঞ্চলে ইতিমধ্যে ১০ লাখের বেশি গাছ রোপণ করা হয়েছে। সৌদি বার্তাসংস্থা সূত্রমতে, দেশটির ন্যাশনাল ওয়াটার কম্পানির তত্ত্বাবধানে এ কর্মসূচি সম্পন্ন হয়।
দেশটির দি গ্রিন ইনিশিয়েটিভের অংশ হিসেবে এই কর্মসূচি চলমান রয়েছে। কৌশলগতভাবে শোধনাগারের আশপাশে বৃক্ষরোপণ করা হচ্ছে, যেন তা পরিশোধিত বর্জ্য পানির মাধ্যমে পরিপুষ্ট হয়। ২০৩০ সালের মধ্যে এক হাজার কোটি বৃক্ষরোপণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে দেশটির। পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিবেশ সচেতনতা তৈরি এবং সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
গত বছরের অক্টোবরে দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রী আবদুর রহমান আল-ফাদলি দুই লাখ ২৫ হাজার হেক্টরের বেশি জায়গায় ১০০টি প্রাকৃতিক উদ্যান চালু করেন। সৌদি ভিশন ২০৩০ ও সৌদি গ্রিন ইনিশিয়েটিভের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এলাকায় বন্য গাছ ও ঝোপঝাড় রোপণ, পরিবেশগত স্থায়িত্ব ও জীবনযাত্রার মানোন্নয়ন এই উদ্যোগের অন্তর্ভুক্ত।
সূত্র: আরব নিউজ





