এক্সক্লসিভ
ভোরে সিএনজি নিয়ে ম্যানহোলের ঢাকনা চুরি! ভিডিও
admin
• 17 Sep 2025, 12:51 PM
• পঠিত 3 বার
রাজধানীতে ভোরবেলা সিএনজি অটোরিকশা নিয়ে ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরা এক ব্যক্তি সিএনজি থেকে নেমে ম্যানহোলের পাশে গিয়ে আঠারোবার চেষ্টা করে ঢাকনাটি টেনে লক ভেঙে তুলে নেন। গুগল ম্যাপ বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর ডেমরার মাহমুদ নগর আবাসিক এলাকার আলফা ব্রডওয়ে সিস্টেম দোকানের সামনে। ভিডিওতে ওই দোকানের সাইনবোর্ডও স্পষ্ট দেখা যায়।
ঘটনাস্থলের আশপাশের লোকজন জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গতকাল ভোর সাড়ে ৩টার দিকে। সাইনবোর্ডে থাকা মাহমুদিয়া মহিলা মাদ্রাসা ম্যানহোলটির কাছেই অবস্থিত।
রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায়ই ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা ঘটছে। গত কয়েক মাসে এ চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে। ঢাকনা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনচালকরা। এতে নগরবাসীর চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে।
শুধু ঢাকনা নয়, চোরদের লক্ষ্যবস্তু হচ্ছে বিভিন্ন লোহার সামগ্রী, টিউবওয়েল, বিদ্যুতের তার এমনকি মোটরও। কয়েক বছর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন নির্মিত সড়ক থেকে একসঙ্গে ৪১টি ম্যানহোলের ঢাকনা চুরি হওয়ার ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
স্থানীয়রা বলছেন, এমন চুরি রোধে দ্রুত ব্যবস্থা না নিলে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি আরও বাড়বে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





