বান্দরবানের তরুণ সেচ্ছাসেবক ও সংগঠক আলিফ সাঈদ ফাতিক পেয়েছেন ভলান্টিয়ারস ফর সাসটেইনেবল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৫। টেকসই পর্যটন উন্নয়নে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
সারা দেশের ৬৪ জেলা থেকে আবেদন ও কার্যক্রম পর্যালোচনা করে বিচারক মণ্ডলী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ১০ জন ভলান্টিয়ারকে এ সম্মাননায় ভূষিত করেন। তাদের মধ্যে আলিফ সাঈদ ফাতিক একজন।
২০২৩ সালে বান্দরবানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ইয়ুথনেট গ্লোবালের যৌথ উদ্যোগে আয়োজিত ভলান্টিয়ারস ফর সাসটেইনেবল ট্যুরিজম কার্যক্রমে তিনি ভলান্টিয়ার হিসেবে যুক্ত হন।
এরপর থেকে তিনি পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে স্থানীয় জনগোষ্ঠী ও অন্যান্য স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে পর্যটন উন্নয়নের কাজ করে আসছেন। একই সঙ্গে এ অঞ্চলের পর্যটন খাত নিয়ে গবেষণার মাধ্যমে নীতি নির্ধারণ ও উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বান্দরবান সদরের বনরূপা পাড়ায় বেড়ে ওঠা আলিফ সাঈদ ফাতিক ২০২২ সাল থেকে নানামুখী সেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। তিনি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক সংগঠনের সঙ্গে কাজ করছেন এবং সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।





