পাকিস্তানের ইসলামাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় আনন্দ নিমিষেই রূপ নিয়েছে চরম বিষাদে। রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় সদ্য বিবাহিত বর ও কনেসহ অন্তত ৮জন প্রাণ হারিয়েছেন। আকস্মিক এই বিস্ফোরণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উৎসবের বাড়িটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন নিশ্চিত করেছেন, একটি আবাসিক ভবনের ভেতর বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে এতে কেবল ওই ভবনটিই নয়, বরং আশপাশের অন্তত চারটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চারপাশ মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৫ জনকে তারা উদ্ধার করতে সক্ষম হন।
রেসকিউ কর্মকর্তাদের মতে, উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ঘটনায় আহত আরও সাতজনকে জরুরি চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
এদিকে, এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
সূত্র: এবিসি নিউজ





