জাপানের কৃষি মন্ত্রণালয় বলছে, চলতি বছর শীতকালে জাপানজুড়ে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর কারণে মুরগি বা অন্যান্য পাখি নিধনের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে যাবে, যা হবে নতুন এক রেকর্ড।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এনএইচকে জানায়, বৃহস্পতিবার পশ্চিম জাপানের ফুকুওকা শহরের একটি হাস-মুরগির খামারে রোগের নতুন বিস্তার নিশ্চিত করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে মুরগি নিধন এক কোটি পঞ্চাশ লাখ দুই হাজারে পৌঁছাবে।
জাপানে নজিরবিহীন দ্রুত গতিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে। গত বছর অক্টোবর মাসের ২৮ তারিখে ওকাইয়ামা জেলা এবং হোক্কাইদোতে মৌসুমের প্রথম ঘটনার খবর পাওয়া যায়।
নিধনের মাত্রা ইতিমধ্যে ২০২০-২০২১ মৌসুমের পূর্ববর্তী রেকর্ড অর্থাৎ সর্বোচ্চ ৯৮ লাখ ৭০ হাজারের চাইতে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এরইমধ্যে জাপানের ২৫টি জেলার ৭৭টি জায়গায় এ রোগ ছড়িয়ে পড়ার সংখ্যাও বেড়েছে।
উল্লেখ্য, বার্ড ফ্লুর ভাইরাস জাপানে শীতের সময় কাটানো পরিযায়ী পাখির মধ্যে দিয়ে পরিবাহিত হয়। আক্রান্ত পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যায় বলে রোগটিও দ্রুত ছড়ায়।
আরিফ/ মিরর/আই





