না ফেরার দেশে চলে গেলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার বাবা ক্ষেমা সাঙ্গাকারা। মঙ্গলবার (৩ মার্চ) বিকালে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে সাঙ্গাকারার পরিবার। বুধবার (৪ মার্চ) ক্ষেমা সাঙ্গাকারার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
পেশাদার ক্রিকেটার না হয়েও বিরাট ভূমিকা রেখেছিলেন ছেলের ক্রিকেট ক্যারিয়ারে। ক্যান্ডিতে প্রতিদিন কয়েকঘন্টা তিনি সাঙ্গাকারা ও তার ভাইবোনদের অনুশীলন করাতেন। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমের মানসিকতা ও কারিগরি দক্ষতার ওপর জোর দেন তিনি। এমনকি এক পর্যায়ে ছেলেকে টেনিস থেকে সরিয়ে এনে পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেন।
ক্ষেমা সাঙ্গাকারার মৃত্যুতে পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আইনজীবী এস. কে. সাঙ্গাকারা আর আমাদের মাঝে নেই। তিনি কুমারীর স্নেহধন্য স্বামী, থুশারী, ভেমিন্দ্র, সারঙ্গা ও কুমারের প্রিয় পিতা। সঞ্জয়, নিপুনি, রু ও ইয়েহালির শ্বশুর এবং থেহান, মেথভান, নেথ্যা, বিনয়া, কায়া, সেথ, কাবিথ ও সুইরির আদরের দাদা ছিলেন তিনি। ক্যান্ডিতে তার নিজ বাসভবনে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে। পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হচ্ছে।’





