যশোরের অভয়নগরে বাড়ির সামনে শেখ জাহান আলী (৫১) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত জাহান আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। শেখ জাহান আলী বানিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখের ছেলে।
আহতের ছেলে রিফাত শেখ বলেন, সোমবার তারাবি নামাজ শেষে বাড়ির সামনে পৌঁছালে এলাকার ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে বাবার উপর হামলা চালায়। এ সময় আমরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাবাকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠায়।
উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আলী আকুঞ্জি বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জামায়াত ও শ্রমিককল্যাণ ফেডারেশন বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’





