কয়েক দিন দিন ধরেই ঢালিউডে গুঞ্জন উড়ছে শরিফুল রাজের সঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন কলকাতার ইধিকা পাল। এমনকি তারা নাকি জুটি হিসেবে সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে দেখা যায়নি রাজ কিংবা ইধিকাকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের এই নায়িকা।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে শরিফুল রাজের সঙ্গে সিনেমায় অভিনয়ের বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারবেন না তিনি।
ইধিকা বলেন, আমি এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে। কেউ কেউ নিশ্চিত ভাবে লিখে দিয়েছেন আমি নাকি রাজের সঙ্গে কাজ করছি। কিন্তু এখনও আমার তরফ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি।
নায়িকা আরও বলেন, আমার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু যতক্ষণ সবটা পড়ছি, ততক্ষণ কোনো সিদ্ধান্তই জানাতে পারব না। তাই যেটা রটছে সেটা ঠিক নয়।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণে বার বার খবরের শিরোনাম হয়েছেন রাজ। চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিয়ে, বিবাহবিচ্ছেদ অনেক কারণেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে এই অভিনেতাকে।
অন্যদিকে, ‘পিলু’ শেষ হওয়ার পর ইধিকাকে বাংলা সিরিয়ালে অনেক দিন দেখেননি দর্শক। অভিনেত্রী মন দিয়েছিলেন বাংলাদেশের কাজে। এরপর সোহম চক্রবর্তীর বিপরীতে একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।
সূত্র: আনন্দবাজার





